রাজধানীর উত্তরা এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উত্তরার ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী দুই ব্যক্তি বাড়ির গেটে দুই রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়।
গুলির লক্ষ্যবস্তু হওয়া চারতলা বাড়িটির নাম ‘জান্নাত’। বাড়িটির মালিক গার্মেন্টস ব্যবসায়ী আবুল কাশেম। তিনি একেএসবি গ্রুপ–এর ব্যবস্থাপনা পরিচালক।
স্থানীয় বাসিন্দারা জানান, গুলির ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে আরও দুটি তাজা গুলি উদ্ধার করেছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা রঙের একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি প্রথমে বাড়িটির আশপাশে ঘোরাফেরা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে মানুষের চলাচল কমে গেলে তারা আবার এসে গুলি চালিয়ে পাশের গলি দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ–এর উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান বলেন, দুর্বৃত্তরা বাড়ির গেটে দুই রাউন্ড গুলি চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি। তিনি জানান, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ম্যাংগোটিভি /আরএইচ
