রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে।
রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ এক জরুরি বার্তায় জানায়, এসটিএসের কার্যক্রমে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের একটি পক্ষ পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে সিটি করপোরেশনের ১৪ জন কর্মী আহত হন এবং তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সমাধানের উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে ডিএনসিসি প্রশাসক, স্থানীয় এমপি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে দাবি করেছে ডিএনসিসি। তবে প্রশাসক ও এমপি আহত হননি।
বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
ম্যাংগোটিভি / আরএইচ
