Monday, September 14

যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুপক্ষের নতুন হুমকি বা সম্ভাব্য যুদ্ধ মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে আল-রেজা। তিনি বলেছেন, অতীতের যেকোনো সংঘাতের তুলনায় বর্তমানে ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা অনেক বেশি উন্নত, আধুনিক ও শক্তিশালী।

রোববার (১৩ সেপ্টেম্বর) ইরানি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন মজিদ ইবনে আল-রেজা। তার বক্তব্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা মনে করছেন, ঘন ঘন হুমকি দিয়ে ইরানের সংকল্প দুর্বল করা কিংবা ইসলামি প্রজাতন্ত্রকে ভয় দেখানো সম্ভব। তবে তারা ‘গুরুতর ভুলের’ মধ্যে রয়েছেন। শত্রুপক্ষকে বুঝতে হবে, হুমকি-ধমকি দিয়ে ইরানকে বশে আনা সম্ভব নয়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এসব হুমকি মূলত রাজনৈতিক বক্তব্য বা বার্তা। এর পেছনে প্রকৃত কোনো সামরিক সক্ষমতার ভিত্তি নেই।

মজিদ ইবনে আল-রেজা আরও বলেন, ইরান কখনোই প্রতিবেশী বা আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি ছিল না এবং ভবিষ্যতেও হবে না। তেহরান সবসময় প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে বন্ধু ও শত্রুর মধ্যে পার্থক্য বজায় রেখে চলেছে।

তিনি সতর্ক করে বলেন, আবার কোনো যুদ্ধ শুরু হলে ইরান অতীতের যেকোনো সংঘাতের তুলনায় আরও শক্তিশালী প্রযুক্তিগত অবস্থান থেকে পদক্ষেপ নেবে।

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরান মাঝে মাঝে প্রকাশ্যে যে সামরিক সক্ষমতা প্রদর্শন করে, তা দেশটির প্রকৃত প্রতিরক্ষা সক্ষমতার খুব সামান্য অংশ মাত্র। প্রতিরক্ষা খাতের উন্নয়ন ও অগ্রযাত্রা পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নিজেদের স্বাধীন সক্ষমতা, নিজস্ব সিদ্ধান্ত এবং অভ্যন্তরীণ প্রযুক্তির ওপর নির্ভর করেই ইরান তার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version