Wednesday, September 9

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাবে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৩৩ ডলারে ওঠে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৩৪ ডলারে দাঁড়ায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। দীর্ঘ ছয় মাস ধরে চলা সংঘাতের স্থায়ী সমাধানের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসা এবং নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা জোরালো হয়েছে।

কেন বাড়ছে তেলের দাম

মঙ্গলবার মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা নেয়। ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের কয়েকটি শহরে হামলা চালিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং ইরান জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে হামলা করেছে। এসব ঘটনায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে।

আইএনজি ব্যাংকের বিশ্লেষকেরা বলেছেন, সাম্প্রতিক ঘটনাগুলো থেকে বোঝা যাচ্ছে, শান্তি আলোচনা শুরুর পথ এখনো অনেক দূর। ফলে তেলের বাজারে ঝুঁকির মাত্রা বাড়তি থাকছে এবং এর প্রভাব দামে পড়ছে।

এদিকে সৌদি আরব হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে কিছু তেল রপ্তানি করছে। তবে দেশটির জ্বালানি অবকাঠামোয় ধারাবাহিক হামলা হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

ওসিবিসির বিশ্লেষকদের মতে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা এবং পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংসের ঘটনায় তেলের সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। এতে বিশ্ববাজারে তেলের দামে আরও চাপ তৈরি হতে পারে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version