Sunday, September 13

বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলে ২৪ নাবিকসহ পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় একজন বাংলাদেশিসহ ২২ নাবিক নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এমভি ওশন উইনার নামের জাহাজটি ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের একটি এলাকায় জাহাজটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানায়, শনিবার সকাল ১১টা ৪৮ মিনিটে জাহাজটির নির্মাতা প্রতিষ্ঠানের একটি সহযোগী প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায়, এমভি ওশন উইনারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

পরে সম্ভাব্য দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় কোস্টগার্ড। শনিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে দুজন নাবিককে জীবিত উদ্ধার করা হয়।

নিখোঁজ অন্য ২২ নাবিককে উদ্ধারে কোস্টগার্ডের সঙ্গে ভারতীয় নৌবাহিনীও অভিযান শুরু করেছে। উদ্ধার কাজে নৌবাহিনীর তিনটি জাহাজ—ভারাদ, আনমোল ও বিজিত—মোতায়েন করা হয়েছে।

তবে জাহাজটি কখন এবং কী কারণে ডুবে গেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নিখোঁজদের মধ্যে থাকা বাংলাদেশি নাবিকের পরিচয় ও তিনি উদ্ধার হওয়া দুজনের মধ্যে রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version