Saturday, September 12

গ্রিসের ক্রিট দ্বীপে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বারবিকিউ জ্বালিয়ে দাবানল ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ইসরায়েলি নাগরিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় পর্যটন শহর প্লাকিয়াসের কাছে দক্ষিণ রেথিমনোর সেলিয়া গ্রাম এলাকায় আগুনের সূত্রপাত হয়। ঘটনার পর শনিবার ৩৫ বছর বয়সী ওই ইসরায়েলি পর্যটককে আটক করা হয়। তাকে রোববার রেথিমনোর আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

গ্রিক ফায়ার সার্ভিসের অগ্নিসংযোগ তদন্ত ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি ভাড়া করা ভিলার আঙিনা থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ভিলায় কয়েকজন ইসরায়েলি পর্যটক অবস্থান করছিলেন।

অভিযোগ রয়েছে, তীব্র বাতাস ও উচ্চ অগ্নিঝুঁকির সতর্কতার মধ্যেও তারা বারবিকিউ জ্বালিয়েছিলেন। আগুনের ঝুঁকির কারণে ওই এলাকায় বারবিকিউ ব্যবহার নিষিদ্ধ ছিল। ভিলার মালিকও পর্যটকদের এ বিষয়ে আগে থেকেই লিখিতভাবে সতর্ক করেছিলেন বলে জানা গেছে।

কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে বারবিকিউ জ্বালানোর পর আগুনের স্ফুলিঙ্গ বাতাসে উড়ে শুকনো গাছপালায় পড়ে। এরপর দ্রুত আশপাশের খোলা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, পানি বহনকারী ট্যাংকার, হেলিকপ্টার ও স্বেচ্ছাসেবকেরা কাজ করেন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কয়েক সপ্তাহ ধরেই ভয়াবহ দাবানলের সঙ্গে লড়ছে গ্রিস। এর আগে রেথিমনো এলাকায় বড় ধরনের দাবানলে হাজারো বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।

একাধিক দাবানলের পর উচ্চ অগ্নিঝুঁকির দিনগুলোতে বারবিকিউ জ্বালানোসহ আগুনের স্ফুলিঙ্গ তৈরি করতে পারে-এমন সব ধরনের কার্যক্রমে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে গ্রিসের কর্তৃপক্ষ।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version