Sunday, September 27

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে যাওয়ায় দ্রুত অস্ত্র উৎপাদন বাড়াতে দেশটির প্রতিরক্ষা শিল্পকে নির্দেশ দিয়েছে পেন্টাগন।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল স্থানীয় সময় শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে বলেন, যুদ্ধের প্রয়োজন মেটাতে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ দ্রুত সরবরাহ নিশ্চিত করাই এখন যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার। খবর আল জাজিরার।

এর আগে, গত বুধবার (৫ আগস্ট) উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ প্রতিরক্ষা শিল্পের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক স্মারকে ২১ দিনের মধ্যে গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা জমা দিতে বলেন।

স্মারকে তিনি উল্লেখ করেন, বছরের পর বছর ধরে অস্ত্র উন্নয়ন ও উৎপাদনের যে দীর্ঘ প্রক্রিয়া চলে আসছে, তা এখন আর গ্রহণযোগ্য নয়। উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন কর্মসূচির সময়সীমাও কমিয়ে আনতে হবে।

ইরানের সঙ্গে পাঁচ মাসের সংঘাতে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত উল্লেখযোগ্যভাবে কমেছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) হিসাব অনুযায়ী, যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ২ হাজার ৩৩০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ছিল। এপ্রিলের যুদ্ধবিরতির সময় তা কমে প্রায় ১ হাজার ৩০টিতে দাঁড়ায়। সাম্প্রতিক সংঘর্ষের পর মজুত এখন আনুমানিক ৭৫৯ থেকে ৮২৭টির মধ্যে রয়েছে।

অর্থাৎ যুদ্ধ শুরুর আগের তুলনায় যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত অন্তত ৬৫ শতাংশ কমেছে।

একইভাবে, যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে ৪৫২টি থাড ইন্টারসেপ্টর ছিল। এপ্রিলের যুদ্ধবিরতির সময় তা কমে ২৩২ থেকে ২৬২টির মধ্যে নেমে যায়। পরে কিছু ক্ষেপণাস্ত্র পুনরায় মজুত করা হলেও বর্তমানে সংখ্যা আনুমানিক ২৩৪ থেকে ২৭৮টির মধ্যে রয়েছে।

সিএসআইএসের বিশ্লেষণ অনুযায়ী, প্যাট্রিয়ট ও থাডের মতো প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে তার মিত্রদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে এসব অস্ত্র আরও সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হতে পারে।

অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন কর্পস কর্নেল মার্ক ক্যানসিয়ান বলেন, এসব ইন্টারসেপ্টরের বিকল্প খুব বেশি নেই। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হয়ে গেলে শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা কঠিন হয়ে পড়তে পারে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগের বিষয়টি অস্বীকার করেছেন। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ করে কিছু ধরনের গোলাবারুদের বড় মজুত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন অস্ত্রও তৈরি ও সরবরাহ করা হচ্ছে।

এর মধ্যেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার যন্ত্রাংশের উৎপাদন বাড়াতে লকহিড মার্টিন ও নর্থরপ গ্রুম্যানের সঙ্গে নতুন চুক্তি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয়সংক্রান্ত একটি বিল কংগ্রেসে আটকে রয়েছে। ট্রাম্প প্রশাসন পেন্টাগনের বাজেট প্রায় ৯০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার করার প্রস্তাব দিয়েছে। তবে ইরানে মার্কিন সামরিক অভিযানের বিষয়ে আইনপ্রণেতাদের বিরোধিতার কারণে প্রস্তাবটি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version