Wednesday, October 14

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।

রোববার (১২ অক্টোবর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘আপনার (মুনতাসির মাহমুদ) বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে। এর প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জমা দিতে বলা হয়েছে।’

তবে এনসিপির চিঠিতে মুনতাসির মাহমুদের বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে রোববার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ তুলে মগবাজারে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ করেন মুনতাসির মাহমুদ। ওই ঘটনার পরই এনসিপি থেকে তাঁর বিরুদ্ধে শোকজ ও সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত আসে।

এদিকে রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে মুনতাসির মাহমুদ লেখেন, ‘জুলাইয়ের গাদ্দার আমাকে বলেছে, এই চেয়ারম্যান নাকি জামায়াতের লোক। জামায়াতের হয়ে আওয়ামী লীগ পুনর্বাসন করছে। আজ সেই গাদ্দারের নির্দেশে আমাদের ওপর পুলিশ হামলা হয়েছে। আমার কাছে সব প্রমাণ আছে। আমি রেড ক্রিসেন্ট সোসাইটিতে শান্তিপূর্ণ অবস্থান করছি এবং যতক্ষণ না চেয়ারম্যান পদত্যাগ করছেন, ততক্ষণ অবস্থান অব্যাহত থাকবে।’

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version