Thursday, September 24

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের নামে থাকা তিনটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান তাপসের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করে তিনটি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, উক্ত তিন ব্যাংক হিসাবে ১৭ লাখ ৯০ হাজার ৮৯১ টাকা রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, শেখ ফজলে নূর তাপস মেয়র ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার সম্পদ অর্জন করেন।

এছাড়া, তার নামে থাকা ২৭টি ব্যাংক হিসাবে ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা এবং ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এসব অর্থ অবৈধভাবে হস্তান্তর ও স্থানান্তরের অভিযোগে সংস্থাটি মামলা করে।

দুদক আবেদনে আরও জানায়, শেখ ফজলে নূর তাপসের অর্জিত সব সম্পদ এখনো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে বর্তমানে তার নামে থাকা অস্থাবর সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করা না যায়, সে জন্য আদালতের আদেশে তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, তাপস তার নামে থাকা এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছিলেন। দুদক মনে করে, মামলার নিষ্পত্তির আগেই সম্পদ স্থানান্তর হলে রাষ্ট্রের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

তাই রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার্থে আদালতের নির্দেশে উক্ত তিনটি ব্যাংক হিসাব অবিলম্বে জব্দ করা হয়েছে।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version