বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)। এ উপলক্ষে দুই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা ও মহানগর পর্যায়েও বিভিন্ন আয়োজন করা হয়েছে।
১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেবেন।
দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে রক্তদান ও বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে।
এ ছাড়া ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী আলোচনা সভা, র্যালি, সমাবেশ, রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগও নেওয়া হয়েছে।
যুবদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন আবুল কাশেম। পরবর্তী সময়ে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব ও সুলতান সালাউদ্দিন টুকুসহ বিভিন্ন নেতা।
বর্তমানে যুবদলের সভাপতির দায়িত্বে রয়েছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন নুরুল ইসলাম নয়ন।
ম্যাংগোটিভি / আরএইচ

