অতীতের দুঃসময়ের স্মৃতি মনে রেখে প্রতিশোধ নিতে গেলে পাঁচ বছরেও তা শেষ হবে না বলে মন্তব্য করেছেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, তারেক রহমান অতীতের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে দেশের উন্নয়ন ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে যেতে চান।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের কবি নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ‘সব ক্ষমতার উৎস এ দেশের জনগণ।’ বিভিন্ন সময়ে জনগণ তার প্রমাণ দিয়েছে। ১৯৭১ সালে, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে এবং সর্বশেষ ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মধ্য দিয়ে জনগণ নিজেদের ক্ষমতার প্রমাণ রেখেছে।
তিনি বলেন, ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস। তাকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে তার ওপর নির্যাতন চালানো হয়।
সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনো তিনি বহন করছেন। তবে তারেক রহমান নিজেই বলেছেন, তিনি সেই দিনগুলো মনে রাখতে চান না।
আতিকুর রহমান রুমন বলেন, তারেক রহমান দুঃসময়ের স্মৃতি পেছনে ফেলে দেশের উন্নয়নে এগিয়ে যেতে চান। পাঁচ বছর যদি প্রতিশোধ নিতেই চলে যায়, তাহলে জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানের কাছে যে প্রত্যাশা নিয়ে দায়িত্ব দেবে, তা পূরণ করা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, বিএনপি যখন দেশ পরিচালনা করেছে, তখন তারেক রহমানকে হেয়প্রতিপন্ন করতে দেশ-বিদেশে যে ষড়যন্ত্র হয়েছিল, সেখান থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। তারেক রহমানের ভালো কাজগুলো যেন ভুলে যাওয়া না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তারেক রহমানের ভালো কাজগুলো সফল করতে সবাইকে হাতে হাত মিলিয়ে ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
ম্যাংগোটিভি /আরএইচ

