Monday, August 10

সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের নীরবতার সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, সীমান্তে ভারত ‘সুড়সুড়ি দিচ্ছে’, কিন্তু এ বিষয়ে সরকার কোনো প্রতিবাদ জানাচ্ছে না।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সীমান্তে প্রতিরোধ গড়ে তুলতে বিজিবির সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও ভূমিকা রাখছেন। তিনি তাদের অভিনন্দন জানান।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য আসেনি। জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত।

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারা গণভোটের দাবি জানিয়ে আসছেন এবং এই দাবি থেকে সরে আসার সুযোগ নেই। তিনি বলেন, গণভোট বাস্তবায়নে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার এখনো কার্যকর উদ্যোগ নেয়নি। চলতি বাজেটে তিস্তা প্রকল্পের জন্য কোনো বরাদ্দ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে সুযোগ পেলে ১১ দলীয় সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে বলেও অঙ্গীকার করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

Share.
Exit mobile version