Friday, August 14

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন রোগী। রোববার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮২ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ হাজার ৪০২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রামে ৯৫ জন, ঢাকায় ১১৬ জন—এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন এবং দক্ষিণ সিটিতে ৭৪ জন। খুলনা বিভাগে ৫৬ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহীতে ১৭ জন, রংপুরে ২ জন এবং সিলেটে ৯ জন নতুন রোগী শনাক্ত হন।

এ সময়ে মারা যাওয়া পাঁচজন রোগীর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন ও খুলনা বিভাগের ১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৮০৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ২৫ জনে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন ডেঙ্গুতে মারা যান এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version