নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২৫ অক্টোবর সৌদি আরবের রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই দিন দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইটটি।
বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপাতত শুধু ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট পরিচালনা করা হবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী পরবর্তী ফ্লাইটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, সৌদি আরবের দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, দাম্মামগামী এসব ফ্লাইট বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হবে।
ম্যাংগোটিভি / আরএইচ

