রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় একজন নারী ও তিনজন পুরুষকে আটক করা হয়েছে। তাঁরা বর্তমানে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন।
আটক ব্যক্তিদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস রয়েছেন বলে জানা গেছে।
সম্প্রতি শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরে দেশের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গ্রাফিতি আঁকা হয়। তাঁদের মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, বাউল সাধক ফকির লালন শাহ, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, চিত্রশিল্পী এস এম সুলতান, শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান, বাউল সম্রাট শাহ আবদুল করিম, অভিনেতা হুমায়ুন ফরীদি এবং সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী।
গত ৫ অক্টোবর সীমানাপ্রাচীরের গ্রাফিতি ও ফুটপাত উন্নয়নকাজ শেষে উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। ফুটপাতে পথচারীদের বসার জন্য বেঞ্চ ও ময়লা ফেলার জন্য ডাস্টবিনও স্থাপন করা হয়েছে।
ম্যাংগোটিভি / আরএইচ


