Thursday, October 8

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ সংগ্রহে চূড়ান্ত চুক্তি সই হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে এয়ারবাস ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিতে এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্টারমায়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে এবং ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ আঞ্চলিক ও মধ্যমপাল্লার রুটে ব্যবহার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে পরিচালন সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version