সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে তাকে কবে ফেরত পাঠানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর একটি অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকার বারবারই জানিয়েছে যে একটি আইনি প্রক্রিয়া রয়েছে এবং সেটি সুসংগঠিতভাবে চলছে। বিষয়টির সঙ্গে আদালত সম্পৃক্ত থাকায় এর কোনো নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়।
শেখ হাসিনা কী পরিস্থিতিতে ভারত গিয়েছিলেন, সে প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, ওই ধরনের পরিস্থিতির জন্য ভারত সরকার প্রস্তুত ছিল না। তিনি জানান, শেখ হাসিনাকে ভারতে নিয়ে যেতে ভারতের সেনাবাহিনী বা বিমানবাহিনীর কোনো ভূমিকা ছিল না।
তিনি বলেন, শেখ হাসিনা যখন বাংলাদেশ ছাড়েন, তখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। প্রতিবেশী দেশ হিসেবে ওই পরিস্থিতিতে ভারতকে তার অনুরোধে সাড়া দিতে হয়েছে। তাকে ভারতে প্রবেশের সুযোগ না দিলে পরিস্থিতি কী রূপ নিত, তা বলা কঠিন ছিল বলেও মন্তব্য করেন তিনি।
ম্যাংগোটিভি / আরএইচ

