Saturday, October 3

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানির একটি চালান বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে করে ইউরেনিয়ামের চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান।

প্রকল্পের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিমান থেকে জ্বালানি খালাসের পর গভীর রাতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায় সড়কপথে পাবনার রূপপুরের উদ্দেশে তা পাঠানোর কথা রয়েছে। শনিবার ভোরে চালানটি রূপপুরে পৌঁছানোর কথা।

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা রয়েছে।

দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর নিয়ে গঠিত এই বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকবে। এর মাধ্যমে দেশের বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ হবে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version