রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি করপোরেশন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফের উচ্ছেদ অভিযান শুরু হয়।
এ সময় পুলিশ, এসআরবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা যায়।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বর ও হোপ মার্কেট সংলগ্ন ফুটপাতে এই অভিযান শুরু হয়। উচ্ছেদ চলাকালে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে উপস্থিত হকার ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ ও ভেকু (উচ্ছেদকারী যান) ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।
দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং হকারদের ছত্রভঙ্গ করার পর পুলিশ, এসআরবি ও প্রশাসনের কঠোর পাহারায় হোপ মার্কেট এলাকায় পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে পুরো মিরপুর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
পাশাপাশি অবৈধ দখলদারির প্রতিবাদ জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সমর্থক, বিএনপির নেতাকর্মীদেরও স্লোগান দিয়ে অভিযানের সাথে থাকতে দেখা গেছে।
ম্যাংগোটিভি / আরএইচ


