Saturday, September 26

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে নির্দিষ্ট শ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিন পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন। তবে এ সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর মঙ্গলবার। এদিন মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

এ ছাড়া সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটি। ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে তারা এ ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটি এবং ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি মিলিয়ে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিনের ছুটি পাবেন।

এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে সব মিলিয়ে টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হবে তাদের জন্য।

অন্য ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের জন্য ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকবে না। তবে ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে তারাও টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

এদিকে দুর্গাপূজার সরকারি ছুটির দিনে সাধারণত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কিছু শাখা বা নির্দিষ্ট ব্যাংকিং সেবা চালু থাকতে পারে। এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো সাধারণত চালু থাকে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version