Friday, September 11

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এসব চুক্তি-সমঝোতা পর্যালোচনার ফলাফল শিগগিরই জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ হুইপ এ কথা বলেন।

জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারদলীয় অন্যান্য হুইপও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার শেষ হয় সংসদের তৃতীয় অধিবেশন।

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের চুক্তির আওতায় বন্ধুরাষ্ট্রের জাহাজ চলাচল এবং ওই চুক্তি বাতিলের বিষয়ে জানতে চাইলে নূরুল ইসলাম মনি বলেন, ভারতের সঙ্গে করা সব চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে খুব শিগগিরই ফলাফল জানানো হবে।

তৃতীয় অধিবেশনে ছয় বিল পাস

সংসদের তৃতীয় অধিবেশন নয় কার্যদিবস চলেছে জানিয়ে চিফ হুইপ বলেন, এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন ও পাস হয়েছে। বিভিন্ন বিধিতে ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী নিজে ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন।

সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সংসদের অধিবেশন বসার ধারাবাহিকতায় তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী অধিবেশনও একই ধারায় অনুষ্ঠিত হবে।

ব্যাংক রেজোল্যুশন আইনের ধারা নিয়ে ব্যাখ্যা

ব্যাংক রেজোল্যুশন আইনে ১৮(ক) ধারা যুক্ত করা এবং পরে সমালোচনার মুখে তা বাদ দিয়ে বিল পাসের বিষয়ে প্রশ্ন করা হলে চিফ হুইপ বলেন, বিষয়গুলো একসঙ্গে মিলিয়ে দেখা ঠিক হবে না।

তিনি বলেন, সরকার দেশের আর্থিক অবস্থান শক্তিশালী করতে চায়। সে লক্ষ্যেই ওই উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে কেউ আগ্রহ না দেখানোয় তা বাতিল করা হয়েছে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version