স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের দায়িত্ব বাড়িয়েছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে যেসব মন্ত্রণালয় ও বিভাগে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেসব মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রমে দায়িত্ব পালন করবেন তারা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব বহাল থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগসংক্রান্ত দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে এসব বিষয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়সংক্রান্ত মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রমের দায়িত্ব পেয়েছেন।
তার অনুপস্থিতিতে এসব বিষয়ের দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
ম্যাংগোটিভি / আরএইচ


