Wednesday, September 9

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমছে আয়। সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে দীর্ঘ সারি ও চালকদের ভোগান্তির চিত্রও দেখা যাচ্ছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে একটি সিএনজি স্টেশনের সামনে কথা হয় চালক অহিদ আলীর সঙ্গে। তিনি জানান, তিন-চার ঘণ্টা পর্যন্ত গ্যাসের জন্য লাইনে অপেক্ষা করতে হয়। এরপরও ৭০-৮০ টাকার বেশি গ্যাস নিতে পারেন না। গ্যাসের চাপও খুব কম।

অহিদ আলী বলেন, ‘মাসে ১৫ হাজার টাকা বাসা ভাড়া দিতে হয়। ছেলে-মেয়ে আর স্ত্রী নিয়ে আমার সংসার। তিন-চার ঘণ্টা গ্যাস নিতে বসে থাকতে হয়। লাইনে দাঁড়িয়ে ৭০-৮০ টাকার বেশি গ্যাস নিতে পারি না। গ্যাসের চাপ একেবারেই কম।’ তিনি বলেন, দীর্ঘদিন ধরে সিএনজি চালিয়ে সংসার চালাচ্ছেন। কিন্তু গ্যাস সংকটের কারণে আয় কমে যাওয়ায় এখন সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। কোনো রকমে টিকে আছেন তিনি।

অহিদ আলীর ভাষ্য, অনেক চালকেরই দিনে ১২০০ টাকা জমা দেওয়ার পর হাতে ২০০ টাকা রাখাও কঠিন হয়ে পড়েছে।

শুধু অহিদ আলী নন, রাজধানীর অনেক সিএনজিচালকই একই সমস্যায় পড়েছেন। বিভিন্ন এলাকার সিএনজি স্টেশনের সামনে দীর্ঘ সময় ধরে যানবাহনের সারি দেখা যাচ্ছে।

শাহবাগ এলাকার চালক ওসমান বলেন, গ্যাসের জন্য দিনের বেশিরভাগ সময় সিরিয়ালে বসে থাকতে হয়। এতে আয় কমে গেছে। এভাবে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

আরেক চালক সেলিম বলেন, কবে গ্যাসের সমস্যার সমাধান হবে তা জানেন না। ‘এভাবে তো আর সংসার চালাতে পারছি না। আমরা এখন অসহায় হয়ে গেছি।’

চালকদের অভিযোগ, দীর্ঘ সময় গ্যাসের জন্য অপেক্ষা করায় একদিকে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে দৈনিক আয়ও কমে যাচ্ছে। চলমান গ্যাস সংকট শুধু পরিবহন খাত নয়, শিল্পসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেও প্রভাব ফেলছে।

/আরএইচ

Share.
Exit mobile version