Thursday, September 10

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় ব্যবস্থা নিতে দেশটির পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর হামলা।’ তিনি জানান, এ ঘটনায় ইতালিতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কথা হয়েছে এবং ব্যবস্থা নিতে ইতালির পুলিশকে জানানো হয়েছে।

হুমায়ুন কবির বলেন, বাঁধনকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকেলে তিনি বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং এ বিষয়ে সরকারের সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে তাকে আশ্বস্ত করেছেন।

এর আগে ইতালির মেস্ট্রে শহরে হামলা ও হেনস্তার অভিযোগ করেন বাঁধন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ভিডিওবার্তায় তিনি জানান, ভাইয়ের পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর চড়াও হন। এ সময় তার দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে গালাগাল করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে চাপ দেন। তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে জানান তিনি। পরে ঘটনার বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ করার কথা জানান অভিনেত্রী।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, বাঁধন আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে অভিযোগ করবেন। বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ দূতাবাস।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version