হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রাথমিকভাবে কয়েকটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালের কার্যক্রম শুরু হবে। এরপর ধাপে ধাপে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিমানমন্ত্রী।
মন্ত্রী বলেন, প্রথম দিন তৃতীয় টার্মিনাল দিয়ে ২০টি উড়োজাহাজ পরিচালনার পরিকল্পনা রয়েছে। পরবর্তী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে।
পুরোপুরি চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী হ্যান্ডলিং সক্ষমতা প্রায় চার গুণ বাড়বে। একই সঙ্গে সর্বোচ্চ ২৫০টি উড়োজাহাজ পরিচালনার মতো অবকাঠামোগত সক্ষমতা তৈরি হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, তৃতীয় টার্মিনালের পরিচালনা থেকে পাওয়া রাজস্বে বাংলাদেশের অংশ ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে। এ ছাড়া প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধও শুরু হয়েছে। প্রায় ৯০০ কোটি টাকার ঋণের কিস্তি পরিশোধের প্রক্রিয়া চলছে।
যাত্রীসেবার মান নিশ্চিত করতে বিমান অবতরণের ১৫ মিনিটের মধ্যে যাত্রীর হাতে লাগেজ পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান বিমানমন্ত্রী। নির্ধারিত সময়ে লাগেজ সরবরাহে ব্যর্থ হলে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে জরিমানার ব্যবস্থা থাকবে।
তৃতীয় টার্মিনালের ৫০ শতাংশ গ্রাউন্ড হ্যান্ডলিং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে। উন্নত অবকাঠামোর ফলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
এ সময় তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারের নেই। নাম পরিবর্তনের পরিবর্তে তৃতীয় টার্মিনাল দ্রুত চালু করাই সরকারের অগ্রাধিকার।
২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়। এর মধ্যে সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা অর্থায়ন করেছে; বাকি অর্থ জাইকার ঋণ।
২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালটির আংশিক উদ্বোধন করা হয়। তখন ২০২৪ সালের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর কথা জানিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি।
ম্যাংগোটিভি /আরএইচ


