Thursday, September 3

সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবার গর্বিত পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। সবাইকে সাবধান থাকতে হবে দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব ছড়াচ্ছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উসকে দেওয়ার চেষ্টা করছে। এজন্য ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার কথাও জানান তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, এই দেশ আমাদের সবার। নাগরিক হিসেবে এ দেশে সবার অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার। বর্তমান সরকার ও বিএনপি বিশ্বাস করে—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। একই সঙ্গে ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

এর আগে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেন। পরে ৯ জন সেবায়েত ও পুরোহিতের হাতে ভাতা তুলে দেন তিনি। একইসঙ্গে সারাদেশে আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে ভাতা দেওয়া হয়।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version