রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় একটি অফিসের কাছে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন-চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও আশা আক্তার (২০)। তাদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের কপালে এবং আশার ডান পায়ের রানে গুলি লেগেছে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে ফুফার চায়ের দোকানে গিয়েছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের শাটার বন্ধ করার চেষ্টা করছিলেন। এ সময় একটি গুলি এসে তার বুকের বাম পাশে লাগে।
আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামী ওই এলাকায় চায়ের দোকান করেন। সন্ধ্যায় দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হলে তিনি দোকানের ভেতরেই ছিলেন। সেখানেই তার কপালের মাঝখানে গুলি লাগে।
আশা আক্তার জানান, তিনি ওই এলাকায় থাকেন। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারির মধ্যে পড়ে যান। এ সময় তার ডান পায়ের রানে গুলি লাগে। তবে কারা গোলাগুলি করছিল, তা তিনি জানাতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ম্যাংগোটিভি / আরএইচ


