Sunday, August 16

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের ভিডিও কলে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) ডারউইনে বাংলাদেশ দল ঐতিহাসিক জয় নিশ্চিত করার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং তাদের অভিনন্দন জানান।

এ সময় বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।

বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে সাফল্যে রূপ দেবে।

এর আগে ডারউইন টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রান করার পর বাংলাদেশ ৪২৬ রান করে লিড নেয়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৮৪ রানে অলআউট হলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৬ রান। মাত্র ১ উইকেট হারিয়ে সেই লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ। ফলে পুরো এক দিন হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় টাইগাররা।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version