Sunday, August 16

দেশে চলমান লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেছেন, সব ঠিক থাকলে কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে। এতে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত দোয়া-মোনাজাত এবং দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে-গ্যাস দে, বিদ্যুৎ দে; এগুলো হঠকারিতা।’ তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ বন্ধ করে দিয়েছিল। সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের চেষ্টা করছে। এ জন্য সময় প্রয়োজন। সংকট সমাধানে চীন ও মালয়েশিয়ার সঙ্গেও সরকার আলোচনা করেছে।

বিরোধী দলের উদ্দেশে তারেক রহমান বলেন, তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের কোনো পরিকল্পনা থাকলে সরকার তা গ্রহণ করবে। তবে তা সম্ভব না হলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

তিনি বলেন, ‘বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। জনগণের উপকার হবে—এমন পরিকল্পনা থাকলে উপস্থাপন করুন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।’

সমালোচনা করা সহজ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘মুরদ থাকলে কোদাল হাতে মাঠে নামুন, জনগণের জন্য কাজ করুন। এমন কথা বলবেন না, যাতে দেশে বিশৃঙ্খলা হয়।’

তিনি আরও বলেন, ‘যারা আজ বড় বড় কথা বলছে, ১৭ বছর জনগণ আপনাদের রাজপথে দেখেনি। পত্রিকা বের করুন, আমাদের দলের নেতাকর্মীরা কীভাবে ১৭ বছর নির্যাতন সহ্য করেছে দেখুন।’

বিরোধী দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘৭১, ’৮৬, ’৯৬-এ ভুল করেছেন। ’২৪-এ টিকিট বিক্রি করে ভুল করেছেন। এখন উসকানি, বিভ্রান্তির রাজনীতি পরিহার করুন।’

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এগিয়ে যেতে হলে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমের হাতে রূপ দিতে হবে। তার ভাষায়, ‘আমি কী পেলাম সেটা বড় নয়, বরং জনগণের জন্য কী করতে পারলাম, সেটাই বড়।’

দেশ গঠনে জিয়াউর রহমান ও খালেদা জিয়া যে পথ দেখিয়ে গেছেন, তা অনুসরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

নিজের সরকারের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটি শিশুর হাঁটতে শেখার জন্যও এক বছর সময় লাগে। বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস। ক্ষমতায় এসে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, মেগাপ্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করে দেশকে ফোকলা করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতে তিন লাখ কোটি টাকা দেনা করে যাওয়া হয়েছে। এর ফলে মানুষ বিদ্যুৎ ও গ্যাস সংকটে ভুগছে।

তিনি বলেন, দেশে নিজস্ব গ্যাস থাকা সত্ত্বেও নতুন কূপ খনন করা হয়নি। বরং বিদেশিদের হাতে এ খাত তুলে দেওয়া হয়েছে। একইভাবে দেশের স্বাস্থ্য খাতও ধ্বংস করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

একাত্তরে দেশ স্বাধীন হলেও গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র থাকলে জবাবদিহিতা থাকবে। দেশ ও মানুষের উপকার হয়-সরকার এমন কাজই করবে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version