Wednesday, August 12

সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এ সময় কয়েকটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন চারতলা ভবনটি ঘিরে অভিযান শুরু করে সিটিটিসি। এতে সাভার মডেল থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা অংশ নেন।

স্থানীয়রা জানান, অভিযান শুরুর পর নিরাপত্তার কারণে মাইকিং করে আশপাশের অন্তত ১০টি বাড়ির বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। সাংবাদিকসহ বেসামরিক ব্যক্তিদেরও ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হয়। জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরিফ হোসেনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার করা বিস্ফোরকগুলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট বিশেষ ব্যবস্থায় নিয়ে গেছে।

রাত সাড়ে ১০টার দিকে আটক আরিফ হোসেনকে নিয়ে সিটিটিসির সদস্যরা ঢাকার উদ্দেশে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় অভিযানে থাকা কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে ১১টায় ভবনটি ঘিরে সিটিটিসির অভিযান চলছিল। আটক আরিফ হোসেনের বিস্তারিত পরিচয় এবং উদ্ধার করা বিস্ফোরকের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version