Thursday, August 13

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাংবাদিক ও ভোট পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়ার ওপর কোনো বিধিনিষেধ থাকবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের জন্য করা বুথ পরিদর্শনকালে এ তথ্য জানান ইসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘সাংবাদিক ও পর্যবেক্ষকরা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে তাদের দায়িত্ব পালন করতে পারবেন এবং মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।’

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) ইসি ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের মোবাইল বহন নিষিদ্ধের নির্দেশনা জারি করেছিল। এতে শুধু প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার ও ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দু’জন আনসারকে মোবাইল রাখার অনুমতি দেওয়া হয়েছিল।

এই নির্দেশনা জারির পর টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তা ‘হঠকারী সিদ্ধান্ত’ হিসেবে নিন্দা জানিয়েছিল। বিজেসি জানায়, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষিদ্ধ করলে স্বাধীন সাংবাদিকতা ও তথ্য সংগ্রহের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হবে।

বিজেসির দাবির পর ইসি নিশ্চিত করেছে, সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল বহন করতে পারবেন। এ সিদ্ধান্ত সাংবাদিকদের দায়িত্ব পালনে সুবিধা দেবে এবং নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version