Monday, September 28

রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাকা মার্কেট এলাকার ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের সকাল পৌনে ৮টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন-মো. জলিল মিয়া (৫০), তাঁর স্ত্রী আনেজা বেগম (৪০), ছেলে আসিফ মিয়া (১৯) ও সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭) এবং নাতনি ইভা (৬)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আফরান মিয়া জানান, ভোরে হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় সবাই দগ্ধ হন। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে আনেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আগারগাঁও এলাকা থেকে নারী-শিশুসহ ছয়জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। দগ্ধের পরিমাণ জানতে ড্রেসিং সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version