Monday, September 28

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতকে অনুরোধ জানানো হলেও এ পর্যন্ত সেখান থেকে কোনো ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ পাওয়া যায়নি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ ধরনের বিষয় দ্রুত সমাধান হয় না। ভারত কী সিদ্ধান্ত নেয়, তা নজরে রাখা হচ্ছে। আপাতত শুধু জানা গেছে-ভারত বিষয়টি পর্যালোচনা করছে।’

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তার ফিরে আসা সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই। তবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন বলে জানতে পেরেছেন।

এ সময় বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, আজ তাকে লন্ডনে নেওয়া হচ্ছে না। এয়ার অ্যাম্বুলেন্সের টেকনিক্যাল সমস্যার কারণেই যাত্রা স্থগিত করা হয়েছে।

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলে আটক হওয়ার ঘটনায় তৌহিদ হোসেন বলেন, আরাকান আর্মি কোনো রাষ্ট্রীয় সংস্থা নয়। ফলে তাদের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ নেই। তবে জাতীয় স্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা কমাতে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

চীনের অর্থায়নে ঢাকায় নির্মাণের কথা থাকলেও এক হাজার শয্যার আধুনিক হাসপাতালটি নীলফামারীতে করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, হাসপাতালটি এমনভাবে পরিকল্পনা করা হচ্ছে যাতে রংপুর অঞ্চলের পাশাপাশি ভারত, ভুটানসহ পার্শ্ববর্তী দেশের মানুষও সেবা পেতে পারে।

দেশ পরিচালনা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ‘সুশৃঙ্খলভাবে তুলে দেওয়ার’ লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সব রিফর্ম আমাদের পক্ষে শেষ করা সম্ভব নয়। এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। যারা ভবিষ্যতে দায়িত্ব নেবেন-তারা যেন জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেন এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে পারেন।’

চার দিনের সফরে রংপুরে এসে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করছেন। শনিবার সকালে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করার কথা রয়েছে। রবিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জে মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় ফিরে আসবেন।

Share.
Exit mobile version