শিশুর শারীরিক বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্কের সঠিক বিকাশেও পুষ্টিকর খাবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খাদ্যতালিকায় কিছু পুষ্টিকর খাবার রাখলে শিশুর মস্তিষ্কের বিকাশ ও স্মৃতিশক্তি ভালো রাখতে সহায়তা করতে পারে। এমন কয়েকটি খাবার হলো-
চর্বিযুক্ত মাছ
স্যামন বা সার্ডিনের মতো চর্বিযুক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। মস্তিষ্কের কোষ ও কার্যক্রমের জন্য এই পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটি শরীরের প্রদাহ কমাতেও ভূমিকা রাখে।
বেরি জাতীয় ফল
ব্লুবেরিসহ বিভিন্ন গাঢ় রঙের বেরি ফলে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এসব উপাদান মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে এবং মস্তিষ্কের কোষকে সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।
সবুজ শাকসবজি
পালং শাক ও ব্রকলির মতো সবুজ শাকসবজিতে ভিটামিন কে, ফোলেট ও বিটা-ক্যারোটিন রয়েছে। এসব পুষ্টি উপাদান মস্তিষ্কের কোষের সুস্থতা বজায় রাখতে সহায়ক।
বাদাম ও বীজ
আখরোটে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ই রয়েছে। শিশুর খাদ্যতালিকায় বয়স উপযোগী পরিমাণে বাদাম ও বীজ রাখলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যেতে পারে।
ডিম
ডিমের কুসুমে কোলিন নামের গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। মস্তিষ্কের বিভিন্ন রাসায়নিক উপাদান তৈরিতে কোলিন ভূমিকা রাখে। এটি স্মৃতিশক্তি ও মেজাজ নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের কার্যক্রমেও গুরুত্বপূর্ণ।
ডার্ক চকোলেট
ডার্ক চকোলেটে ফ্লাভোনয়েড রয়েছে। এই উপাদান মস্তিষ্কে রক্ত চলাচল ও মনোযোগ ধরে রাখতে সহায়তা করতে পারে। তবে শিশুকে দেওয়ার ক্ষেত্রে পরিমাণের বিষয়টি বিবেচনায় রাখা জরুরি।
শিশুর বয়স ও প্রয়োজন অনুযায়ী সুষম খাদ্য নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। কোনো একটি খাবারের ওপর নির্ভর না করে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাদ্যতালিকায় রাখাই ভালো।
ম্যাংগোটিভি /আরএইচ


