Friday, September 11

আবায়া, হিজাব, বোরখা কিংবা গাউন-মুসলিম নারীদের পোশাকে এখন যুক্ত হচ্ছে আধুনিক নকশা ও ফ্যাশনের ছোঁয়া। শালীনতার পাশাপাশি পোশাকের নকশা ও সৌন্দর্যেও গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। এই চাহিদাকে সামনে রেখে রাজধানীর গুলশানে নতুন শাখা চালু করেছে মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড ‘আবায়া অ্যান্ড গাউন’।
গুলশান-১-এর পুলিশ প্লাজায় চালু হওয়া নতুন এই শোরুমে পাওয়া যাবে আবায়া, হিজাব, বোরখা, গাউন ও কেপসহ বিভিন্ন ধরনের মডেস্ট পোশাক। বিশেষ করে অভিজাত শ্রেণির ক্রেতাদের কথা বিবেচনায় রেখে শোরুমটিতে রাখা হয়েছে তুলনামূলক আভিজাত্যপূর্ণ নকশা ও পোশাকের সংগ্রহ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আবায়া অ্যান্ড গাউনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মারুফা জাহান বলেন, গুলশানের নতুন শাখায় মূলত প্রিমিয়াম ও অভিজাত ধাঁচের পোশাককে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের দেশে মুসলিম নারীদের পোশাক বলতে অনেক সময় একই ধরনের প্রচলিত পোশাককে বোঝানো হয়। আমরা শুরু থেকেই চেষ্টা করছি, এই পোশাকগুলোকে আরও আধুনিক ও ফ্যাশনেবল করে তুলতে। পোশাকের সৌন্দর্য ও শালীনতা-দুটির সমন্বয় করাই আমাদের লক্ষ্য।’

মারুফা জাহান জানান, দীর্ঘ ১২ বছর ধরে আবায়া গাউন সফলতার সাথে কাজ করে আসছে। নিজস্ব ডিজাইনে আবায়া, বোরকা, কোটি, কেপ, কিমোনো এবং খিমারের পাশাপাশি সব বয়সের নারীদের উপযোগী হিজাবের বিস্তৃত কালেকশন রয়েছে এই আউটলেটে। বিশেষ করে দেশীয় ঐতিহ্যবাহী ফেব্রিক যেমন-মসলিন ও জামদানিতে আধুনিক ফিউশন এনে তৈরি বৈচিত্র্যময় ডিজাইনার আউটফিট নিয়ে এসেছে ব্র্যান্ডটি। এছাড়া হিজাব না পরা নারীদের উপযোগী ‘কো-অর্ড সেট’, কুর্তি ও লং শার্টও পাওয়া যাবে শোরুমটিতে।

পোশাকের দামের বিষয়ে তিনি জানান, নিত্যদিনের ব্যবহারের জন্য ১,০০০ টাকা থেকে ২,৫০০ টাকার মধ্যে সাশ্রয়ী মানের পোশাক রাখা হয়েছে। পাশাপাশি বিশেষ আয়োজনের জন্য ১৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭৫,০০০ টাকা মূল্যের এক্সক্লুসিভ ডিজাইনার আউটফিট ও কাস্টমাইজড পোশাকের সংগ্রহ রয়েছে এখানে।

বিভিন্ন বয়স ও রুচির নারীদের কথা বিবেচনা করে পোশাকের নকশা ও সংগ্রহ সাজানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে পার্টি, অনুষ্ঠান কিংবা বিশেষ আয়োজন-বিভিন্ন উপলক্ষের জন্য মডেস্ট ফ্যাশনের পোশাক বেছে নেওয়ার সুযোগ থাকছে নতুন এই শোরুমে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন শোরুমের শুভকামনা জানান জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। ব্র্যান্ডটির নিয়মিত পোশাক ব্যবহারের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘মারুফা একজন চমৎকার ডিজাইনার। আমার মার জন্য বা পরিবারের অন্যদের উপহার দেওয়ার ক্ষেত্রে আবায়া গাউন সবসময়ই পছন্দের শীর্ষে থাকে। এখানে বোরকা ছাড়াও সুন্দর শাড়ি, গাউন, কড-সেট ও থ্রি-পিস পাওয়া যায়, যা আধুনিক নারীদের পছন্দের সাথে দারুণভাবে মানিয়ে যায়।’

ব্র্যান্ডটির সাথে দীর্ঘ ৬ বছরের পথচলার অভিজ্ঞতা শেয়ার করেন আবায়া গাউনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বর্ষা। তিনি বলেন, `দীর্ঘ ছয় বছর ধরে আমি এই ব্র্যান্ডটির সাথে যুক্ত আছি। নিজে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করে এবং পোশাকগুলোর কমফোর্ট ও ফেব্রিক কোয়ালিটি যাচাই করে কাস্টমারদের সামনে তা তুলে ধরা আমার জন্য অনেক সহজ হয়।’

এছাড়াও দেশীয় পোশাকের পাশাপাশি শোরুমটিতে বিদেশি পোশাকের সংগ্রহও রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আবায়া, গাউন, কেপ ও হিজাবসহ বিভিন্ন ধরনের পোশাক দুবাই ও চীন থেকে আমদানি করা হয়েছে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version