Tuesday, October 13

যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। ইটের আঘাতে তাঁর মাথা ফেটে গেছে। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

তবে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবি করেছেন গ্যারেজের মালিক হৃদয়। তিনি জানান, মা-বোন তুলে গালিগালাজ করার কারণে হামলা করেছেন বলে মুঠোফোনে তাঁকে জানিয়েছেন মেকানিক জাহাঙ্গীর।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয়রা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version