Saturday, October 3

অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার পেশাগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। প্রায় দুই দশকের ব্র্যাকের সঙ্গে পথচলা শেষে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি শিক্ষকতাও শুরু করেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে নতুন কর্মজীবনের খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন মিথিলা। তিনি জানান, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন।

নতুন দায়িত্বে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নের নেতৃত্ব দেবেন মিথিলা। প্রারম্ভিক শৈশবের বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করবে প্রকল্পটি।

জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে তাদের সুস্থ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও উপযুক্ত পরিবেশের সঙ্গে যুক্ত করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য। আন্তর্জাতিক উন্নয়ন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গবেষণার সঙ্গে স্থানীয় মানুষের প্রয়োজনের সমন্বয় ঘটাতে চান মিথিলা।

তথ্য-উপাত্ত ও গবেষণালব্ধ প্রমাণের ভিত্তিতে প্রকল্পটির কার্যক্রম এগিয়ে নিতেও ভূমিকা রাখবেন তিনি।

গবেষণার পাশাপাশি শিক্ষকতাতেও যুক্ত হয়েছেন মিথিলা। নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে যোগ দিয়েছেন তিনি। সেখানে ‘নন-প্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পাঠদান করবেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের অলাভজনক সংস্থার কার্যক্রম ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করানোর সুযোগ পাবেন তিনি।

নতুন কর্মজীবনে দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের অবদানের কথাও স্মরণ করেছেন মিথিলা। সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি উল্লেখ করেন, ব্র্যাকের সঙ্গে তার দুই দশকের পথচলার মধ্যে ১৫ বছর কেটেছে ব্র্যাক ইন্টারন্যাশনালে। আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজের সেই অভিজ্ঞতা তার বর্তমান পেশাগত যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তিনি।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা অবকাঠামো ও মেধাবী গবেষকদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা। নতুন দায়িত্বের মাধ্যমে নিজের বৈশ্বিক অভিজ্ঞতাকে আরও বিস্তৃত পরিসরে কাজে লাগাতে চান তিনি। এ জন্য সবার কাছে দোয়া ও শুভকামনাও চেয়েছেন।

অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন মিথিলা। এবার গবেষণা ও শিক্ষকতার নতুন দায়িত্বেও মনোযোগ দিতে চান তিনি।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version