Sunday, September 20

৯৯তম অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য পাঁচটি সিনেমা জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে এসব সিনেমার মধ্য থেকে একটি চলচ্চিত্রকে চূড়ান্তভাবে নির্বাচিত করবে বাংলাদেশের অস্কার কমিটি।

অস্কার বাংলাদেশ কমিটি সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় জমা পড়া সিনেমাগুলো হলো—নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

এর আগে গত ২০ আগস্ট অস্কারের এই বিভাগে বাংলাদেশের সিনেমা পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন আহ্বান করে অস্কার বাংলাদেশ কমিটি।

সিনেমা জমা দেওয়ার শেষ সময় ছিল ১৬ সেপ্টেম্বর।

জমা পড়া পাঁচটি সিনেমা মূল্যায়নের জন্য এরই মধ্যে সাত সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। জুরি বোর্ডের যাচাই-বাছাই ও মূল্যায়নের পর একটি সিনেমাকে বাংলাদেশের পক্ষ থেকে ৯৯তম অস্কারে পাঠানোর জন্য চূড়ান্ত করা হবে।

অস্কার বাংলাদেশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে—কোন সিনেমাটি অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version