Friday, September 18

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ একের পর এক নতুন চরিত্রের আগমন ঘটছে। নতুন এই সিজনে নেহাল ও আরেফিন ফিরেছেন। পাশাপাশি যুক্ত হয়েছেন স্পর্শিয়া, সুনেরা ও রাফসান। নতুন মুখ ও চরিত্রের উপস্থিতিতে আরও জমে উঠেছে ব্যাচেলর ফ্ল্যাটের গল্প। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা আ খ ম হাসান। সিরিজটিতে তার চরিত্রের নাম ‘ইংলিশ লেবু’।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গ অ্যাপে মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১৫। এই পর্বেই ‘ইংলিশ লেবু’ চরিত্রে হাজির হয়েছেন আ খ ম হাসান। তার আগমনকে নতুন চমক হিসেবে দেখছেন দর্শকেরা। সংশ্লিষ্টদের আশা, তার উপস্থিতিতে সিরিজের গল্পে আরও হাস্যরস ও নতুন মাত্রা যোগ হবে।

‘ইংলিশ লেবু’র পাশাপাশি একই চ্যাপ্টারে ‘কাজী ভাই’ নামে আরও একটি চরিত্র যুক্ত হয়েছে। চরিত্রটিতে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু।

ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলা, হাসি-ঠাট্টা ও নানা ঘটনার মধ্যে ‘ইংলিশ লেবু’ ও ‘কাজী ভাই’ কী ধরনের পরিবর্তন আনেন, সেটিই এখন দেখার বিষয়। নতুন দুই চরিত্র গল্পে কী ধরনের মোড় তৈরি করে, তা নিয়ে দর্শকদের মধ্যে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল (পাশা), চাষী আলম (হাবু), পলাশ (কাবিলা), তৌসিফ (নেহাল), শামীম হাসান সরকার (আরেফিন), পাভেল (জাকির), ইশতিয়াক রোমেল (মতলব) ও জাফরুল আবেদিন (রকি)।

এ ছাড়া অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ। সিরিজটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন কাজল আরেফিন অমি।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version