ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে গেলে একদল ব্যক্তি তার ওপর চড়াও হন বলে অভিযোগ করেন তিনি।
পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান বাঁধন। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগও করেছেন তিনি।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, পার্কে ভাইয়ের সঙ্গে থাকার সময় কয়েকজন বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। তার শরীরে পানি ও কোমল পানীয় ছোড়া হয়। এ সময় তাকে আঘাত করা, ফোন ফেলে দেওয়া এবং কানের কাছে আঘাত করার অভিযোগও করেন তিনি।
বাঁধন বলেন, ঘটনার সময় তার ভাইয়ের ছোট শিশুও সেখানে ছিল। তার ভাষ্য, পরিস্থিতি থেকে তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন সঙ্গে থাকা তার ভাই।
‘জুলাই যোদ্ধা’ বলে হেনস্তার অভিযোগ
বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে আখ্যা দেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করেন। এসব ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছিল বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রবাসী কর্মী-সমর্থকদের একটি অংশ জড়িত বলে অভিযোগ করেছেন বাঁধন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে একদল ব্যক্তিকে বাঁধনের দিকে এগিয়ে যেতে এবং নিজেদের ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচয় দিতে দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার কথা জানিয়ে বাঁধন বলেন, ওই আন্দোলনে তার ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করা হয়ে থাকতে পারে। তিনি দাবি করেন, বাংলাদেশ থেকে যে সিনেমা নিয়ে তিনি ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেনের সঙ্গে তিনি জুলাইয়ের পরও কাজ করেছেন।
বাঁধন বলেন, এ ধরনের আচরণ থেকে সংশ্লিষ্টদের বেরিয়ে আসা উচিত ছিল।
এদিকে ঘটনার পর বাঁধন নিরাপদে আছেন বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানিয়েছেন।
ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ

