Sunday, August 16

বছরের শুরুতেই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতায় জি ২৪ ঘণ্টার আয়োজনে অনুষ্ঠিত ‘বিনোদনের সেরা ২৪’ পুরস্কার অনুষ্ঠানে তিনি ‘সেরা অভিনেত্রী (সমালোচক)’ পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মান পান তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কারপ্রাপ্তির খবর জানান জয়া আহসান। অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “বছরের প্রথম পুরস্কার হিসেবে ‘পুতুলনাচের ইতিকথা’র জন্য এই সম্মান পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।”

জি ২৪ ঘণ্টা চ্যানেলের আয়োজনে অনুষ্ঠিত জমকালো এই অনুষ্ঠানে সিনেমা ও বিনোদন জগতের বিভিন্ন গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। ছবিটিতে জয়া আহসানের সংবেদনশীল ও শক্তিশালী অভিনয় দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসা পেয়েছে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি।

দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই জয়া আহসানের সাফল্য ও জনপ্রিয়তা সুপ্রতিষ্ঠিত। বছরের শুরুতেই প্রাপ্ত এই আন্তর্জাতিক স্বীকৃতি তার অভিনয় ক্যারিয়ারে নতুন এক অর্জন হিসেবে যুক্ত হলো।

Share.
Exit mobile version