Thursday, September 17

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখা যাচ্ছে। পাশাপাশি আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হচ্ছে। পর্যায়ক্রমে নির্বাচিত সব শিক্ষার্থী এ খুদে বার্তা পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

যেভাবে ফল দেখবেন

ফল দেখতে প্রথমে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।

সেখানে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ অপশনে ক্লিক করলেই ফল দেখা যাবে।

ফলাফলে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, সেটিও জানা যাবে।

গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা। ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন।

এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version