Monday, September 28

মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে এক মাস আগে করা ‘শান্তিচুক্তি’ ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাঠে নামে।

নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, ল্যাবএইড হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পরপরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

তিনি আরও বলেন, আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠিয়েছি। আইডিয়াল কলেজ কলাবাগান থানার আওতাধীন; সেখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

নতুন করে সংঘর্ষের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না-তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সায়েন্স ল্যাব এলাকায় দীর্ঘদিন ধরেই ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রায়ই সংঘর্ষের কারণে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

এই সমস্যা নিরসনে গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ করেন। তখন তারা ভবিষ্যতে আর কোনো সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তবে এক মাসের মাথায় সেই প্রতিশ্রুতি ভেঙেই আবার উত্তেজনা ছড়াল এলাকায়।

Share.
Exit mobile version