আমরা প্রায়ই কারও বড় সাফল্য দেখে বলি-‘ওর জীবনটা হঠাৎ বদলে গেল!’ কেউ রাতারাতি ব্যবসায় সফল হয়েছেন, কেউ চাকরিতে বড় পদে পৌঁছেছেন, কেউ বদলে ফেলেছেন নিজের জীবনযাপন। বাইরে থেকে দেখলে মনে হয়, পরিবর্তন যেন কোনো একটি নির্দিষ্ট মুহূর্তেই ঘটে গেছে।
কিন্তু বাস্তবতা ভিন্ন।
জীবনের বড় পরিবর্তন কখনো একদিনে আসে না। এর পেছনে থাকে ছোট ছোট সিদ্ধান্ত, চিন্তা, অভ্যাস, শৃঙ্খলা এবং দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টা।
একটি ছোট বীজ যেমন একদিনে বিশাল গাছে পরিণত হয় না, তেমনি মানুষের জীবনও এক রাতের মধ্যে বদলে যায় না। পরিবর্তন ধীরগতির হতে পারে, কিন্তু এটি একটি শক্তিশালী প্রক্রিয়া।
পরিবর্তনের শুরু একটি ধারণা থেকে
প্রতিটি বড় পরিবর্তনের শুরু হয় একটি ছোট চিন্তা বা ধারণা থেকে।হয়তো একদিন আপনার মনে হলো-‘আমি নিজের ব্যবসা শুরু করব।’ হয়তো মনে হলো-‘আমাকে আরও দক্ষ হতে হবে।’ অথবা সিদ্ধান্ত নিলেন-‘আমি আমার স্বাস্থ্য ও জীবনযাপন পরিবর্তন করব।’ এই ছোট চিন্তাটিই হতে পারে ভবিষ্যৎ জীবনের প্রথম স্ফুলিঙ্গ।
তবে শুধু ধারণা যথেষ্ট নয়। চিন্তা থেকেই তৈরি হয় বিশ্বাস
কোনো একটি ধারণাকে যখন আমরা বারবার মনে লালন করি, তখন সেটি ধীরে ধীরে আমাদের চিন্তার অংশ হয়ে যায়।
আপনি কী হতে চান, কোথায় যেতে চান, কী অর্জন করতে চান-এসব নিয়ে নিয়মিত ভাবতে থাকলে আপনার সিদ্ধান্ত ও কাজও সেই লক্ষ্যকে ঘিরে গড়ে উঠতে শুরু করে।
তাই নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা করে ইতিবাচক ফল আশা করা কঠিন। আপনার চিন্তা সিদ্ধান্তকে প্রভাবিত করে, আর আপনার সিদ্ধান্তই ধীরে ধীরে ভবিষ্যৎ তৈরি করে।
অনুভূতি দেয় এগিয়ে যাওয়ার শক্তি
শুধু চিন্তা করলেই মানুষ দীর্ঘ পথ পাড়ি দিতে পারে না। প্রয়োজন স্বপ্ন, আবেগ এবং ভেতরের তাগিদ। যে মানুষ তার লক্ষ্যকে সত্যিই অনুভব করতে পারে, বাধা এলেও তার থেমে যাওয়ার সম্ভাবনা কমে যায়।
আপনি কেন সফল হতে চান-এই ‘কেন’-এর উত্তর যত পরিষ্কার হবে, আপনার এগিয়ে যাওয়ার শক্তিও তত বাড়বে।
পরিকল্পনা স্বপ্নকে বাস্তবতার পথে নেয়
স্বপ্ন সুন্দর। কিন্তু পরিকল্পনাহীন স্বপ্ন অনেক সময় স্বপ্নই থেকে যায়। তাই লক্ষ্য নির্ধারণের পর প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা।
আজ কী করবেন?
এই সপ্তাহে কী অর্জন করবেন? আগামী এক বছরে কোথায় পৌঁছাতে চান? বড় লক্ষ্যকে ছোট ছোট কাজে ভাগ করতে পারলে পথ অনেক সহজ হয়ে যায়।
স্বপ্ন দিক দেখায়, আর পরিকল্পনা সেই পথে হাঁটতে শেখায়।
অভ্যাসই পরিবর্তনকে স্থায়ী করে। মানুষ বড় পরিবর্তনের জন্য প্রায়ই বড় পদক্ষেপ নিতে চায়। অথচ বাস্তব পরিবর্তনের ভিত্তি তৈরি হয় ছোট ছোট অভ্যাসে।
প্রতিদিন ৩০ মিনিট পড়া।
প্রতিদিন নতুন কিছু শেখা।
প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করা।
নিয়মিত শরীরচর্চা করা।
নিজের ভুল ও কাজের পর্যালোচনা করা।
একদিনের কোনো কাজ হয়তো বড় ফল দেবে না। কিন্তু একই কাজ কয়েক মাস বা কয়েক বছর ধরে করলে তার ফলাফল বিশাল হতে পারে। ছোট কাজের ধারাবাহিকতাই বড় ফলাফলের জন্ম দেয়।
অঙ্গীকারই আসল পরীক্ষা
শুরু করার সময় সবাই উৎসাহী থাকে। নতুন ব্যবসা, নতুন চাকরি, নতুন পড়াশোনা কিংবা নতুন জীবনযাপন-সবকিছুই প্রথম দিকে রোমাঞ্চকর মনে হয়। কিন্তু আসল পরীক্ষা শুরু হয় যখন সেই আগ্রহ কমে যায়।
যেদিন মন চাইবে না, সেদিনও কাজ করা।
যেদিন ফলাফল আসবে না, সেদিনও চেষ্টা চালিয়ে যাওয়া।
যেদিন অন্যরা নিরুৎসাহিত করবে, সেদিনও নিজের লক্ষ্যে স্থির থাকা।
মোটিভেশন আপনাকে শুরু করাতে পারে; কিন্তু অঙ্গীকার আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায়।
একসময় অভ্যাসই পরিচয় হয়ে যায়
দীর্ঘদিন কোনো কাজ ধারাবাহিকভাবে করতে থাকলে সেটি আর শুধু কাজ থাকে না; ধীরে ধীরে তা জীবনযাপনের অংশ হয়ে যায়। একজন নিয়মিত পাঠক নিজেকে পাঠক হিসেবে দেখতে শুরু করেন। একজন উদ্যোক্তা প্রতিদিন সমস্যা সমাধান করতে করতে উদ্যোক্তার মতো চিন্তা করতে শেখেন।
একজন নিয়মিত শরীরচর্চাকারীর কাছে স্বাস্থ্যকর জীবনযাপন একসময় স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়। অর্থাৎ, আমরা প্রথমে অভ্যাস তৈরি করি; পরে সেই অভ্যাসই আমাদের তৈরি করে।
সবচেয়ে বড় ভুল-অল্প পরিশ্রমে বড় ফল চাওয়া
আমাদের অনেকেরই একটি সমস্যা-আমরা প্রথম ধাপের পরিশ্রম করে অষ্টম ধাপের ফলাফল চাই। দুই দিন জিম করে শরীর বদলে যাবে-এমন আশা করি। কয়েকদিন ব্যবসা করেই বড় লাভ চাই। কয়েক সপ্তাহ পড়াশোনা করেই বড় সাফল্য প্রত্যাশা করি।
কিন্তু স্থায়ী ফলাফল সময় নেয়।
একটি ভবন তৈরি করতে যেমন ইটের পর ইট বসাতে হয়, তেমনি একটি সফল জীবন তৈরি করতেও প্রতিদিনের ছোট ছোট কাজ জমা করতে হয়।
ব্যক্তি থেকে প্রতিষ্ঠান—সব জায়গাতেই একই সূত্র। এই দর্শন শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়; ব্যবসা ও প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।
একটি প্রতিষ্ঠান একদিনে বড় ব্র্যান্ড হয় না।
ভালো পণ্য, দক্ষ মানুষ, সঠিক ব্যবস্থাপনা, গ্রাহকের আস্থা, সেবার মান, প্রযুক্তির ব্যবহার এবং বাজার বোঝার সক্ষমতা—সবকিছু দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে উন্নত করতে হয়। আজকের ছোট উন্নতিই আগামী দিনের বড় প্রতিযোগিতামূলক শক্তিতে পরিণত হতে পারে।
বাংলাদেশের জন্যও প্রয়োজন ধারাবাহিক পরিবর্তন
আমরা যদি সত্যিই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, তাহলে শুধু বড় বড় পরিকল্পনা করলেই হবে না।
প্রয়োজন শিক্ষা ব্যবস্থার ধারাবাহিক উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, প্রযুক্তিতে বিনিয়োগ, উদ্যোক্তা সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নেতৃত্ব। একটি দেশের পরিবর্তনও মানুষের পরিবর্তনের মতোই—ছোট ছোট উন্নতি একসময় বড় জাতীয় পরিবর্তনের ভিত্তি তৈরি করে।
পরিবর্তন কোনো ইভেন্ট নয়, এটি একটি প্রক্রিয়া
আমাদের মনে রাখতে হবে-
আইডিয়া→ চিন্তা→অনুভূতি →পরিকল্পনা→ অভ্যাস→ অঙ্গীকার→ জীবনযাপন→ পরিবর্তন। এই পথ ধীর হতে পারে, কিন্তু এটি অত্যন্ত শক্তিশালী।
তাই আজ আপনার জীবন যেখানে আছে, সেখান থেকে নিজেকে প্রশ্ন করুন-আমি কোন জায়গায় পরিবর্তন শুরু করতে চাই?
হয়তো একটি বই পড়া দিয়ে।
হয়তো প্রতিদিন এক ঘণ্টা শেখা দিয়ে।
হয়তো একটি নতুন দক্ষতা অর্জন দিয়ে।
হয়তো একটি খারাপ অভ্যাস বাদ দেওয়া দিয়ে।
হয়তো একটি ছোট ব্যবসার পরিকল্পনা দিয়ে।
শুরুটা ছোট হোক। কিন্তু থেমে যাবেন না।
কারণ বড় পরিবর্তনের জন্য সবসময় বড় পদক্ষেপের প্রয়োজন হয় না; প্রয়োজন ছোট পদক্ষেপের ধারাবাহিকতা তাৎক্ষণিক সাফল্য অনেক সময় একটি বিভ্রম। ধারাবাহিকতাই প্রকৃত জাদু। আজকের ছোট সিদ্ধান্তই হয়তো আগামী দিনের আপনার সম্পূর্ণ ভিন্ন একটি জীবন তৈরি করবে।
শুরু করুন। ছোট করে শুরু করুন। নিয়মিত করুন। আর সময়কে আপনার পক্ষে কাজ করতে দিন।
এম. তৌফিক
ব্যবসা উন্নয়ন, বিক্রয় কৌশল ও ব্র্যান্ডিং বিশ্লেষক।
ম্যাংগোটিভি /আরএইচ


