রাজধানীর আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের ইবনে মিজান জানান, দুই মোটরসাইকেল আরোহী সেখানে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তাঁরা আশপাশ পর্যবেক্ষণ করেন। পরে ককটেল নিক্ষেপ করে চলে যান। তাঁরা আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে গেছেন বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।
তিনি জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। রাতে দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে সব ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি।
অবিস্ফোরিত ককটেলটি পরীক্ষা করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কোনো স্প্লিন্টার বা ক্ষতিকর উপাদান পায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তাঁর ভাষ্য, বস্তুটি অনেকটা পটকার মতো ছিল।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানের কাছে এ ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হলে ইবনে মিজান বলেন, দুর্বৃত্তরা মূল সড়ক এড়িয়ে লিংক রোড ব্যবহার করে এসে ককটেল নিক্ষেপ করে চলে যায়। মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা থাকলেও তারা বিকল্প পথ ব্যবহার করেছে।
তিনি আরও বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ম্যাংগোটিভি / আরএইচ

