বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে যাত্রীবাহী কোচ থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মো. ওয়াজেদুল ইসলাম (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) বগুড়া সদর উপজেলার গোকুল দক্ষিণপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি মাদকের চালান পাচার করা হবে। এর পরিপ্রেক্ষিতে গোকুল দক্ষিণপাড়া এলাকায় জনৈক পায়েল মিয়ার বাড়ির সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালানো হয়।
এ সময় ঢাকা থেকে রংপুরগামী অরিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। কোচটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৫৪৭২। এ সময় এফ-৩ আসনে বসা টিকিটবিহীন যাত্রী ওয়াজেদুল ইসলামের দেহ তল্লাশি করে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওয়াজেদুল ইসলাম রংপুরের পীরগঞ্জ পৌরসভার তুলারাম মজিদপুর এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।
ম্যাংগোটিভি /আরএইচ

