Tuesday, September 8

ইলিশ মাছ, জুতা, শিশুদের খেলনা ও ফার্নিচারসহ বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

সোমবার (৭ সেপ্টেম্বর) নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) ও মিনহাজুর রহমান (২২)।

পুলিশ জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বাজারমূল্যের তুলনায় কম দামে পণ্য দেওয়ার প্রলোভন দেখাত। ক্রেতারা অর্ডার করলে বিভিন্ন মাধ্যমে অগ্রিম টাকা নেওয়া হতো। পরে পণ্য সরবরাহ না করে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হতো।

সম্প্রতি ‘স্নিকার্স হাব বিডি’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এক জোড়া জুতা অর্ডার করেন। বিভিন্ন কৌশলে তার কাছ থেকে ৮৫ হাজার ৫১৬ টাকা নেওয়ার পর পণ্য সরবরাহ না করে যোগাযোগ বন্ধ করে দেয় চক্রটি। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়। পরে নড়াইলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ডসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ উদ্ধারে তদন্ত চলছে।

অনলাইনে পণ্য কেনার ক্ষেত্রে অস্বাভাবিক কম দাম, অতিরিক্ত ছাড় বা আকর্ষণীয় বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানে যাচাই ছাড়া অগ্রিম টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। প্রতারণার শিকার হলে দ্রুত থানায় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোরও আহ্বান জানানো হয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version