বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।
সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে গভর্নর বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার লক্ষ্যে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় তৈরি পোশাক, ইলেকট্রনিক্স সামগ্রী ও ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথাও জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ইন্দোনেশিয়ান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি ওয়াহিউ রিয়াদি, থার্ড সেক্রেটারি ও ইকোনমিক অ্যাফেয়ার্স কর্মকর্তা রবি ফিরলি হারখা এবং কর্মকর্তা সাপতো রুদিয়ান্তো।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন ও নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ।
ম্যাংগোটিভি / আরএইচ


