Tuesday, September 1

টানা বৃষ্টি ও জ্বালানি সংকটের মধ্যে রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। বাজারে পাওয়া ২১ ধরনের সবজির মধ্যে মাত্র পেঁপে ও বড় করলা ৫০ টাকার নিচে বিক্রি হচ্ছে। কোনো কোনো সবজির দাম উঠেছে ১০০ টাকা বা তারও বেশি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বাজার, হাতিরপুল ও মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁপে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৬০, কাঁকরোল ৬০, পটল ৬০, বরবটি ৬০ থেকে ৭০, কালো গোল বেগুন ১০০, সাদা গোল বেগুন ৮০, লম্বা বেগুন ৮০, শসা ৬০ এবং গাজর ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কচু ৬০ টাকা পিস, ঢ্যাঁড়স ৬০, ছোট করলা ৮০, শিম ২০০, চিচিঙ্গা ৫০, ঝিঙা ৮০, ধুন্দল ৫০, করলা ৪০, কচুর লতি ৮০ এবং টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৫০ থেকে ৮০ টাকা এবং শাকের আঁটি ২০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, বৃষ্টির মৌসুমে কচুর লতি, কাঁকরোল, ঢ্যাঁড়স, পটল, ধুন্দল ও কচুর মুখির মতো সবজির সরবরাহ সাধারণত বাড়ে। ফলে এ সময়ে এসব সবজির দাম তুলনামূলক কম থাকার কথা। তবে এবার বাজারে সেগুলোর দামও ৫০ টাকার ওপরে।

সবজি বিক্রেতা আমির বলেন, সবজির দাম আগের মতোই রয়েছে। কয়েকটির দাম কিছুটা কমেছে, আবার কয়েকটির বেড়েছে। তবে বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। আরেক বিক্রেতা মিজান বলেন, চাষাবাদ কমে যাওয়া, ঝড়-বৃষ্টিসহ বিভিন্ন কারণে সবজির দাম বেড়েছে।

পাইকারিতেই বেশি দামে কিনতে হচ্ছে, ফলে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এদিকে সবজির পাশাপাশি মুরগি, ডিম, মাছ ও মাংসের দামও চড়া। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩২০, গরুর মাংস ৭৫০ থেকে ৮৫০ এবং প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি বাইন মাছ ৮০০ টাকা, চিংড়ি ৭৫০ থেকে ৮০০, তেলাপিয়া ২৫০ থেকে ২৬০, পাঙাশ ২৩০ থেকে ২৫০, রুই-কাতল ৩৫০ থেকে ৪২০ এবং ট্যাংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আকারভেদে ইলিশের দাম ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

চড়া দামে নিত্যপণ্য কিনতে গিয়ে অস্বস্তিতে রয়েছেন ক্রেতারাও। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সবুজ আহমেদ বলেন, মাছ-মাংসের দাম দীর্ঘদিন ধরেই বেশি। এ মৌসুমে সবজির দামও অনেক বেড়েছে, যা উদ্বেগজনক। নিয়মিত বাজার মনিটরিং করা হলে কিছুটা স্বস্তি ফিরতে পারে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version