ডিজিটাল মার্কেটিংয়ের সময়ে শুধু বিজ্ঞাপন দেওয়া, লাইক বা শেয়ার বাড়ানোই ব্যবসায়িক সাফল্যের মাপকাঠি নয়। এখন গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞাপনে বিনিয়োগ করে তার বিপরীতে কতটা ফল পাওয়া যাচ্ছে। এ জায়গাতেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পারফরম্যান্স মার্কেটিং।
পারফরম্যান্স মার্কেটিং মূলত ডেটা, বিশ্লেষণ এবং ফলাফলের ওপর নির্ভরশীল। তবে শুধু প্রযুক্তি বা ডেটা ব্যবহার করলেই সফল হওয়া যায় না; প্রয়োজন সঠিক মানসিকতা। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য এমন আটটি মানসিকতা গুরুত্বপূর্ণ।
১. মতামতের চেয়ে ডেটাকে গুরুত্ব দেওয়া
অনুমাননির্ভর সিদ্ধান্তের পরিবর্তে তথ্য-উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। বিজ্ঞাপনের ইমপ্রেশন, ক্লিক, ক্লিক-থ্রু রেট, কস্ট পার ক্লিক, কনভার্সন রেট এবং বিজ্ঞাপন ব্যয়ের বিপরীতে আয়ের মতো সূচক নিয়মিত বিশ্লেষণ করতে হবে।
২. নিয়মিত পরীক্ষা ও উন্নয়ন
পারফরম্যান্স মার্কেটিংয়ে কোনো একটি কৌশলকে চূড়ান্ত ধরে নেওয়ার সুযোগ নেই। বিভিন্ন বিজ্ঞাপন, বার্তা, ছবি, ভিডিও ও টার্গেটিং নিয়ে পরীক্ষা চালাতে হবে। কোনটি ভালো ফল দিচ্ছে তা বিশ্লেষণ করে ধীরে ধীরে কৌশল উন্নত করতে হবে।
৩. বিনিয়োগের রিটার্নে নজর
মার্কেটিংয়ে কত টাকা খরচ হয়েছে সেটিই মূল বিষয় নয়; সেই বিনিয়োগ থেকে কত আয় হয়েছে সেটিই গুরুত্বপূর্ণ। তাই শুধু লাইক, কমেন্ট বা রিচ নয়, বিজ্ঞাপন ব্যয়ের বিপরীতে আয় এবং একজন ক্রেতা দীর্ঘমেয়াদে কতটা মূল্য তৈরি করছেন, সেদিকে নজর দিতে হবে।
৪. ক্রেতাকে সবার আগে রাখা
সঠিক ক্রেতাকে চিহ্নিত করা পারফরম্যান্স মার্কেটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ক্রেতার প্রয়োজন, আগ্রহ ও আচরণ বুঝে সঠিক সময়ে সঠিক বার্তা পৌঁছে দিতে হবে।
৫. বিক্রি বাড়াতে সক্ষম ক্রিয়েটিভ
দৃষ্টিনন্দন ছবি বা ভিডিও মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। কিন্তু ভালো ক্রিয়েটিভের কাজ শুধু নজর কাড়া নয়, ক্রেতাকে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করা। এ ক্ষেত্রে আকর্ষণীয় শুরু, পণ্যের সুবিধা, বিশ্বাসযোগ্য প্রমাণ এবং স্পষ্ট কল-টু-অ্যাকশন গুরুত্বপূর্ণ।
৬. পুরো ক্রেতা যাত্রা বিবেচনায় নেওয়া
একজন সম্ভাব্য ক্রেতা বিজ্ঞাপন দেখেই সাধারণত পণ্য কেনেন না। প্রথমে পণ্য সম্পর্কে জানেন, পরে আগ্রহী হন এবং শেষ পর্যন্ত কেনার সিদ্ধান্ত নেন। তাই সচেতনতা তৈরি থেকে শুরু করে বিক্রি ও পরবর্তী সময়ে ক্রেতাকে ধরে রাখা—পুরো প্রক্রিয়াকে কৌশলের মধ্যে আনতে হবে।
৭. দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া
ডিজিটাল প্ল্যাটফর্মের অ্যালগরিদম, বাজারের প্রবণতা ও ক্রেতার আচরণ দ্রুত পরিবর্তন হয়। ফলে কোনো কৌশল কাজ না করলে সেটি দ্রুত পরিবর্তন করতে হবে। আবার যে কৌশল ভালো ফল দিচ্ছে, সেটিকে পরিকল্পিতভাবে আরও বড় পরিসরে প্রয়োগ করতে হবে।
৮. স্বল্পমেয়াদি লাভের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা
তাৎক্ষণিক বিক্রি গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘমেয়াদে টেকসই ব্যবসা তৈরি করাই মূল লক্ষ্য হওয়া উচিত। কার্যকর সিস্টেম তৈরি, নিয়মিত তথ্য বিশ্লেষণ এবং ধারাবাহিকভাবে শেখার মাধ্যমে ব্যবসার দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।
মূল কথা
পারফরম্যান্স মার্কেটিংয়ের মূল দর্শন হলো-সঠিক অফার, সঠিক ক্রেতা, সঠিক বার্তা এবং সঠিক সময়ে পৌঁছে দিয়ে কাঙ্ক্ষিত ফল অর্জন করা।
উন্নত ডেটা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর সঠিক সিদ্ধান্তই পারে বিজ্ঞাপনের খরচকে ব্যবসায়িক প্রবৃদ্ধিতে রূপান্তর করতে। তাই ডিজিটাল যুগে সফল হতে হলে অনুমানের পরিবর্তে ডেটাভিত্তিক সিদ্ধান্ত এবং ফলাফলকেন্দ্রিক মার্কেটিং মানসিকতা গড়ে তোলাই হতে পারে ব্যবসার অন্যতম বড় প্রতিযোগিতামূলক সুবিধা।
এম. তৌফিক
ব্যবসায়ী, উদ্যোক্তা, ব্যবসা উন্নয়ন, বিক্রয় কৌশল ও ব্র্যান্ডিং বিশ্লেষক।
